ঘিওরে বৃক্ষরোপণ কর্মসূচি, চারা বাঁচিয়ে রাখার আহ্বান প্রকৌশলীর

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে সড়কের দুই পাশে নতুন করে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঘিওর-জাবরা এবং ঘিওর-তিল্লী ভায়া সিংজুরী সড়কের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী। এ সময় ঘিওর এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে সড়ক দুটির দুই পাশে সাত শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। তবে অতিবৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে সেগুলোর বেশ কিছু মারা যায়। এ কারণে এবার নতুন করে মেহগনি, কাঁঠাল, পেয়ারা, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও পুনঃস্থাপন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব সড়ক গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আগের রোপণ করা চারার কিছু মারা যাওয়ায় নতুন চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, শুধু চারা রোপণ করলেই চলবে না, সেগুলোকে টিকিয়ে রাখাই আসল চ্যালেঞ্জ। রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে সড়ক দুটির পাশে সবুজ বেষ্টনী গড়ে উঠবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বৃক্ষরোপণ কর্মসূচিটি।