আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক-ইউটিউবে সীমাবদ্ধ: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক:

পলাতক আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন।


আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে জুলাই বিপ্লবে শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ও নৈতিক পতন ঘটেছে। শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দলটির আর মাঠে কোনো ভিত্তি নেই। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব নির্ভর অপপ্রচার চালানোই তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।


আওয়ামী লীগকে দেশে ফেরাতে কোনো আন্তর্জাতিক মহল থেকে চাপ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, আওয়ামী লীগের দেশে ফেরার ব্যাপারে আন্তর্জাতিক কোনো দেশের বা সংস্থার ন্যূনতম কোনো চাপ নেই। তিনি আরও মন্তব্য করেন, যে দলটির শীর্ষ নেতৃত্ব ফাঁসির মুখোমুখি হওয়ার ভয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তারা নতুন করে বাংলাদেশে এসে রাজনীতির ময়দানে ফিরে আসবে—এটা অবাস্তব ও কল্পনাতীত বিষয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।