পল্লবীতে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও ফগার মেশিনে মশক নিধন

বিশেষ প্রতিবেদক:

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডের পলাশনগর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ডিএনসিসির মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে এলাকার বিভিন্ন সড়ক ও বাসাবাড়ির আঙ্গিনায় ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ স্প্রে করা হয়। একই সঙ্গে এডিস মশার বংশবৃদ্ধি রোধে ওয়ার্ডবাসীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।


কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম বলেন, ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিলেও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের পদক্ষেপ হতাশাজনক। জনসেবার অংশ হিসেবেই জামায়াত নিজস্ব ফগার মেশিন ও উপকরণ নিয়ে রাজপথে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে স্থানীয়দের পরিচ্ছন্নতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে পল্লবী থানা জামায়াতের আমির রইসূল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড কাউন্সিলরপ্রার্থী নাসির উদ্দিন খান সজল।