‘রাজনৈতিক পরিচয় বা ক্ষমতা দেখিয়ে পার পাওয়া যাবে না’: বিকেটিটিসিতে অভিযানে ১২ প্রতারক দণ্ডিত
বিশেষ প্রতিবেদক:
বিদেশে সরকারি খরচে চাকরি ও ভিসা পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মিরপুরের বিকেটিটিসি এলাকা থেকে একটি সংঘবদ্ধ দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। অভিযানের সময় নিজেদের ‘জিয়ার সৈনিক’ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচিত বলে দাপট দেখানোর চেষ্টা করলেও পার পায়নি প্রতারকরা।
শুক্রবার (৯ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১২ জনের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে জরিমানা করা হয়।
অভিযান শেষে এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদ ব্রিফিংয়ে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “অপরাধীদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত পরিচয় এসআরবির কাছে প্রাধান্য পাবে না। জালিয়াতি বা অপকর্ম করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।”
তিনি আরও জানান, জর্ডানসহ বিভিন্ন দেশে সরকারিভাবে বিনামূল্যে কর্মী পাঠানোর সুযোগ নিয়ে এই চক্রটি ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছিল। বোয়েসেল ও বিকেটিটিসির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।