সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়: অর্থমন্ত্রী আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো:

সুস্থ-সবল নাগরিক গড়তে এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে চট্টগ্রামে দেশের প্রথম প্রাতিষ্ঠানিক সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম বিমানবন্দর সড়কে (ভিআইপি রোড) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুস্থ থাকার জন্য সাইকেলিং অত্যন্ত কার্যকর একটি উপায়। নাগরিকদের জন্য নিরাপদ হাঁটার পথ ও সাইকেল ট্র্যাক তৈরি করা সরকারের মৌলিক দায়িত্বের অংশ। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খালের দু’পাড়সহ উন্মুক্ত স্থানে এমন ওয়াকওয়ে তৈরির তাগিদ দেন তিনি।


অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই ভিআইপি সড়কে সাইকেল ট্র্যাকের পাশাপাশি ওয়াকওয়ে এবং ফুলগাছ রোপণ করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। ভবিষ্যতে খালের দু’পাড় উদ্ধারসহ অন্যান্য বড় সড়কেও এই সুবিধা সম্প্রসারণ ও নিয়মিত তদারকির আশ্বাস দেন তিনি।