হামে আরও তিন শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,৩৪৯
নিজস্ব প্রতিবেদক
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ মৃত তিনজনের মধ্যে একজন বরিশাল বিভাগে, একজন চট্টগ্রাম বিভাগে এবং একজন সিলেট বিভাগে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন, আর ১ হাজার ৪৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। একই সময়ে পরীক্ষায় আরও ৮১ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ১৯৭।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে শুরু হওয়া পরিস্থিতিতে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা হামের অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।