প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬
সময়: ১০:২১ এএম
শুধু সনদ নয়, দক্ষতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠুক আগামীর শিক্ষার্থী - খাদ্যমন্ত্রী
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
শুধু ভালো ফলাফল কিংবা সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের দক্ষ, দায়িত্বশীল, মানবিক ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়; বরং যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। বড় স্বপ্ন দেখার পাশাপাশি সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা বাস্তবায়নের মানসিকতা গড়ে তুলতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও শিক্ষার্থীদের মধ্যে তৈরি করতে হবে।
বর্তমান কর্মসংস্থান পরিস্থিতিতে শিক্ষার সঙ্গে বাস্তব দক্ষতার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সেবা, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিনির্ভর কাজে দক্ষতা অর্জন তরুণদের কর্মজীবনের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এসব ক্ষেত্রে প্রশিক্ষণ তরুণদের চাকরির প্রস্তুতির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও অনলাইনভিত্তিক কাজের সুযোগ গ্রহণেও সহায়তা করতে পারে।
বিশেষ করে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে মানসম্মত প্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল সেবা সহজলভ্য করার পথ আরও সুগম হতে পারে। একই সঙ্গে প্রশিক্ষিত তরুণদের দলগতভাবে দেশি-বিদেশি কাজের সুযোগ গ্রহণের উপযোগী করে গড়ে তোলা গেলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব।
অনুষ্ঠানে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সরকার। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।