বাংলাদেশের শিশুদের জন্য তহবিল সংগ্রহে ইউনিসেফ-বিকাশ চুক্তি

দেশের শিশুদের কল্যাণে অনুদান সংগ্রহ কার্যক্রমকে আরও সহজ ও ব্যাপক করতে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে ইউনিসেফ। এই উদ্যোগের ফলে বিকাশ ব্যবহারকারীরা এখন খুব সহজেই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনিসেফের বিভিন্ন কর্মসূচিতে অনুদান দিতে পারবেন।


চুক্তির আওতায় বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ অপশনে স্থায়ীভাবে ইউনিসেফ যুক্ত থাকবে। ফলে গ্রাহকরা সরাসরি অ্যাপ থেকে কিংবা বিকাশের অফলাইন মার্চেন্ট নেটওয়ার্কের মাধ্যমে অনুদান পাঠাতে পারবেন।

ইউনিসেফের প্রাইভেট ফান্ডরাইজিং অ্যান্ড পার্টনারশিপের বৈশ্বিক পরিচালক কারলা হাদ্দাদ মারদিনি বলেন, বিকাশের মতো জনপ্রিয় ও বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। এর ফলে শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও তহবিল সংগ্রহের সুযোগ বাড়বে।


তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে ইউনিসেফ কাজ করছে। মানুষের যে কোনো পরিমাণ অনুদান একটি শিশুর জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ডিজিটাল ডোনেশন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের অনুদান দেওয়ার প্রক্রিয়াকে সহজ করেছে বিকাশ। ইউনিসেফের সঙ্গে এই নতুন উদ্যোগ শিশুদের উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসেফের বৈশ্বিক পরিচালক কারলা হাদ্দাদ মারদিনি এবং বিকাশের সিইও কামাল কাদীর উপস্থিত ছিলেন।


এই উদ্যোগের মাধ্যমে সংগৃহীত সব অর্থ বাংলাদেশে ইউনিসেফ পরিচালিত শিশু কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং দুর্যোগকালীন জরুরি সহায়তা কার্যক্রম।