২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ৫২৩, উদ্ধার বিপুল মাদক

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৬ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ৯০ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১১ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন এবং দুটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়। এছাড়া একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, উদ্ধার হওয়া একজন ভিকটিম এবং নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও অন্যান্য আলামত উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ বলছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে রাজধানীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।