মারা গেছেন সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে রোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি শোক প্রকাশ করে রোটনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চান।

জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোটন দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য তিনি দুই বছরেরও বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন।

রাজনীতির ছাত্রজীবনে মাহফুজুল হায়দার চৌধুরী রোটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে সংগঠনটির সভাপতির দায়িত্বে ছিলেন মাহমুদ হাসান রিপন।

রোটনের মৃত্যুতে তার রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।