লালমনিরহাটের তিস্তা–বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফকিরের তকেয়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫৩) এবং একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী জহিলা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন ফজিলা বেগম ও জহিলা বেগম। এ সময় রংপুর থেকে আসা একটি দ্রুতগতির সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে হাঁটতে থাকা ওই দুই নারীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ট্রাকটি আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।