নিজস্ব প্রতিবেদক:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূত ব্যারিস্টার আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল মুত্তাকিম চৌধুরী। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সিলেটের কুলাউড়া-বড়লেখা আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বাধীনতার পর কূটনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৭৩ সালে জাপানে এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। দেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার অন্যতম প্রবক্তা হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

সিলেটের ঐতিহ্যবাহী কানিহাটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন আবু তাহের আব্দুল মুত্তাকিম চৌধুরী। শিক্ষাজীবনে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইএ পাস করেন। এছাড়া শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনেও পড়াশোনা করেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।