পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। বরং মাহফিলকে সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে, সরকারকে বিব্রত করার চেষ্টা করা হলে, এ ধরনের মাহফিল আমি মেনে নিই না।
শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, এই এলাকার প্রতিটি নেতাকর্মীকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। প্রতিটি মাহফিলের ক্ষেত্রে আমরা নিরপেক্ষ বক্তা চাই, যিনি কোনো দলের কথা বলবেন না। আমাদের দলের কথা বলার দরকার নেই। তিনি সঠিক ইসলাম, কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদের হেদায়েত করার চেষ্টা করবেন।
মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের অংশগ্রহণ ও অর্থায়নের প্রসঙ্গ তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আজকে এই ক্ষেত্রে যদি আমরা সোচ্চার না হই, একটা মাহফিলে কিন্তু শুধু ওই দলের লোকজন যায় না। সেখানে বিএনপির লোকও যায়। সেখানে বিএনপির লোক ইনভেস্ট করে। তাহলে আপনি ইনভেস্ট করলেন, আপনিও গেলেন। সেখানে আপনি একটা দলের পক্ষে কথা বলানোর মতো বক্তা নিয়ে আসবেন কেন?
তিনি আরও বলেন, আমি বলছি না যে আমার দলের কথা বলেন। আমি সেটা বলছি না। আপনি সঠিক ব্যাখ্যা দেবেন।
এর আগে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও ওলামা দলের নেতারা।