যান্ত্রিক ত্রুটিজনিত কারণে জরুরি বার্তা পাঠানোর পর কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য হতাহত হননি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, কারিগরি ও অপারেশনাল কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে কিছু বিলম্ব ঘটে। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। এ কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ফ্লাইট বিজি-৪৩৬-এর পাইলট ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি বার্তা পাঠান। এরপর নিরাপদ অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে উড়োজাহাজটির অতিরিক্ত জ্বালানি খরচ করতে আকাশে কয়েকবার চক্কর দেওয়া হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে ঘুরতে থাকে। এ সময় সেটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়ছিল।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়।
সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পর পাইলট উড়োজাহাজটি সফলভাবে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।