সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে এক হাজার ৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন, সিলেট বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট এক হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ৫১ জন।
এদিকে গত এক দিনে ৯৫৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে। একই সময়ে পরীক্ষায় আরও ১৩১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে হামের সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।