বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার সকালে হাসপাতালের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর ও আশপাশের সড়ক ঘুরে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম শফিউল আযমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তত্ত্বাবধায়ক ডা. এহিয়া কামাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোর্শেদ, পাবনা নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বক্তারা বলেন, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব পরিহার করে সহানুভূতিশীল আচরণ করতে হবে। পাশাপাশি দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

তাঁরা আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে পরিবার, সমাজ ও স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।