সিলেটের কানাইঘাট থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে লোভাছড়া নদীর খেয়াঘাট থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ১৫টি ভারতীয় টায়ার ও একটি কাঠের বারকি নৌকা জব্দ করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনার সাথে জড়িত ৩ জন চোরাকারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) সুব্রত চন্দ্র দাস ও এএসআই (নিঃ) রাসেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিহালপুর সাকিনস্থ চিন্তার বাজার লোভাছড়া নদীর খেয়াঘাটে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বারকি নৌকা তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চক্রের ৩ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (নম্বর-০৭, তারিখ: ১১/১০/২০২৬) রুজু করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) আব্দুল হান্নানকে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।