কুরআনের সুর আর স্নিগ্ধ প্রতিভার আলোয় মুখরিত হয়ে উঠেছিল যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তন। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কচি-কাঁচাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের চোখমুখে ছিল এক অন্যরকম আনন্দ ও অর্জনের দীপ্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ বলেন, “আজকের এই শিশু-কিশোররাই আগামী দিনের নৈতিক ও আলোকিত সমাজ বিনির্মাণের মূল শক্তি। পড়ালেখার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ইসলামী মূল্যবোধ তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষক মোমিনুর রহমান, কার্তিক চন্দ্র হালদার, প্রণয় কুমার বিশ্বাস, মোঃ ওয়াহিদুজ্জামান ও আকতারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধীমান কুমার বিশ্বাস অত্যন্ত আনন্দভরা কণ্ঠে জানান, তাঁর প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ সাফল্য অর্জন করে বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করেছে।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবর্গ। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শত শত শিক্ষার্থী এই বর্ণিল আয়োজনে অংশ নেন।