চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রোটারিয়ান হাজী মো. ইলিয়াসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বন্দরটিলাস্থ নিজস্ব বাসভবন 'জালাল প্লাজা'র চতুর্থ তলা থেকে হাজী মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে ৩৯ নম্বর ওয়ার্ড 'সি' ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক বাবুর্চিকেও আটক করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হাজী মো. ইলিয়াস দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র মতে, তিনি প্রয়াত সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

ওসি মো. আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ইলিয়াসের ছোট ভাই ও নগর ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান মিজানকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।