নড়াইল-১ আসনের অন্তর্ভুক্ত কালিয়া উপজেলায় সড়কে আগুন জ্বালিয়ে রামদা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ। বুধবার (১৮ নভেম্বর) রাতে আওয়ামীলীগ সংশ্লিষ্ট বিভিন্ন আইডিতে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে ৪০-৫০ জন লোককে ধারালো রামদা ও লাঠিসোঁটা নিয়ে মিছিল সহকারে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করতে দেখা যায়।
এসময় বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, এই আসন কবিরুল হক মুক্তি ভাইয়ের আসন, এখানে কোনো বিএনপি-জামায়াত থাকতে পারবেনা, আওয়ামীলীগের ভাইয়েরা প্রস্তুত থাকেন, আমরা মরতে হলে একসাথে মরবো আমরা কখনও হার মানিনি, আমরা কবিরুল হক মুক্তি ভাইয়ের লোক, আমরা বেন্দারচরের লোক।
নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ মোঃ আজমির হোসেন নামে এক আওয়ামীলীগ নেতা তার নিজ ফেসবুক আইডিতে এ ভিডিওটি পোস্ট করে লেখেন, আমাদের দুর্ভাগ্য আমাদের নেতা কবিরুল হক মুক্তি জেলে রয়েছেন।
৫ আগস্টের পর নড়াইলে প্রকাশ্যে এমন রামদা মিছিলের ঘটনা এবারই প্রথম। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসাথে নড়াইলে আওয়ামী লীগের বড় রকম হামলার গুঞ্জনও চাউর হয়েছে।