দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ভালো ফল দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করতে আগ্রহী দর্শকদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ম্যাচ-ডেতে অনুষ্ঠিত দুটি ম্যাচই একটি টিকিটে দেখা যাবে। অর্থাৎ একই দিনে অনুষ্ঠিত দুই ম্যাচের জন্য আলাদা টিকিটের প্রয়োজন হবে না। ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে।
তবে মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ না থাকলেও ঘরে বসে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম টফি অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি দেখা যাবে ম্যাচ।
আজকের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করার লক্ষ্য বাংলাদেশের। দেশের মাটিতে অনুষ্ঠিত এই আসরে স্বাগতিকদের পারফরম্যান্স নিয়ে তাই দর্শকদের প্রত্যাশাও রয়েছে বেশি।