প্রকাশ : ২৩ মে ২০২৬
সময়: ০৬:৫৯ পিএম
পটুয়াখালী মক্তব শিশু নির্যাতনে ইমাম আটক: গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুখালীর মহিপুরে ধর্মীয় শিক্ষার আড়ালে মক্তবের শিশুদের ওপর ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগে বেল্লাল হোসেন (২৮) নামে এক ইমামকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। আটক ইমামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম দীর্ঘ দিন ধরে মক্তবের শিশুদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ওয়ানৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ভুক্তভোগী শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ওৎ পেতে থাকে অভিভাবক ও এলাকাবাসী। শনিবার সকালে তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে হেফাজতে নেয়।
মহিপুর থানার ডিউটি অফিসার এএসআই আরিফুর রহমান জানান, ভুক্তভোগী এক শিশুর অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম জানান, অভিযুক্ত বেল্লাল হোসেন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সত্যতা সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘৃণ্য ঘটনার খবরে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।