বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, ইতিহাসে প্রথম — পানিসম্পদ প্রতিমন্ত্রীর

 আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছে। কিন্তু কল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।

পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে। তবে এবারের বাজেটে মানুষের ওপর এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি।
 
এ সময় পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করতে পর্যায়ক্রমে কাজ চলছে বলেও জানান তিনি।
 
এর আগে, মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা ও ৪১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
 
এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পরে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং তীররক্ষা বাঁধ নির্মাণের সম্ভাব্য এলাকা যাচাই করেন। এছাড়া তিনি স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।