নরসিংদীতে টিফিনের ছুটিতে গোসলে নেমে প্রাণ গেলো ৪ শিক্ষার্থীর
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় টিফিনের সময় মাদরাসার পাশের একটি বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বরকান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩) এবং রবেল মিয়ার দুই মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮)। অপর এক শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সবাই বরকান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদরাসায় নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়। পরে টিফিনের ছুটিতে ছয়জন শিশু শিক্ষার্থী মাদরাসার পাশের একটি বিলে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে এক শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে অন্যরা এগিয়ে যায়। এতে আরও কয়েকজন শিশু পানিতে ডুবে যায়।
খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। প্রথমে তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রথমে তিন শিশু মৃত্যুর খবর পাওয়া যায় এবং তাদের মরদেহ হাসপাতালে আনা হয়। পরে আরও একজন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বরকান্দা গ্রাম।