কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

 মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে। এ সময় তার সঙ্গে থাকা হাদিস মিয়া হাদিস নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিহত জাহাঙ্গীরের বাড়ির সামনেই এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা স্থানীয় সাংবাদিকদের জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির অদূরে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডা. আনন্দ বসাক সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি দুই হাতে ভয়াবহ জখমের চিহ্ন রয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে আসা ভাড়াটে খুনিরা এ হত্যাকাণ্ডে জড়িত। তবে তদন্তের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।