মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি হত্যা: তিন আসামি গ্রেপ্তার, উদ্ধার চাপাতি

মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) এস এম জাহাঙ্গীর আলম হত্যা মামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে এস এম জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগী হাদিসের ওপর সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের গুরুতর আহত করে।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে  কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এস এম জাহাঙ্গীর আলম মারা যান। আহত হাদিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোঃ হেলাল (২৫), লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের মোঃ মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মোঃ শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)-কে গ্রেফতার করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিন আসামিকে মিঠামইন থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতংকের সৃষ্টি হয়েছে।