ঘুমধুম ইউনিয়নে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষোভ।

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দুর্গত মানুষের জন্য জেলা পরিষদের  বরাদ্দকৃত সরকারি ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ত্রাণ থেকে বঞ্চিত হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ত্রাণ বিতরণের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র যাচাই না করে রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক ও স্বজনপ্রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত পরিবার বারবার যোগাযোগ করেও কোনো সহায়তা পায়নি। এমনকি কেউ কেউ ত্রাণ চাইতে গেলে তাদের বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন।

স্থানীয়দের দাবি, যেসব পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, তাদের একটি অংশ এখনো সরকারি সহায়তা থেকে বঞ্চিত। অন্যদিকে, তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত বা প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে ত্রাণ বিতরণের অভিযোগও উঠেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত ইসলামের এসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুল হক বলেন- ইউনিয়নে সরজমিন পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৬৭ টি পরিবারের তালিকা কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়া হয় এবং তাদের ত্রাণ দেওয়ার আশ্বাস প্রদান করা হয়। পরবর্তীতে তারা ভীন্ন রাজনৈতিক মতাদর্শ হওয়ার অপবাদে
দীর্ঘ সময় অপেক্ষা করানোর পরেও তাড়িয়ে দেওয়া হয় এবং ভুক্তভোগীরা অভিযোগ করলে বা ত্রাণের বিষয়ে জানতে চাইলে তাদের অপমানজনক আচরণের শিকার হয়ে ফিরে আসতে হয়েছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন।