প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
সময়: ০৯:০০ পিএম
বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশ, রাষ্ট্রীয় সংস্কার ও উন্নয়নের দাবি
আবু জাফর বিশ্বাস , বরিশালঃ
গণভোটের গণরায় বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। বৃষ্টিকে উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে গেলে অনেকেই আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুয়াযযম হোসাইন হেলাল বলেন, গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়নে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বরিশালে পাইপলাইনে গ্যাস সরবরাহ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার দাবি সমাবেশ থেকে জানানো হয়।