গজারিয়ায় তোফাজ্জল হোসেন সরকারের উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার

শাকিল প্রধান:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দক্ষিণপাড়া মরহুম আফতাব উদ্দিন সরকারের বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশের ঝোপঝাড় ও গাছপালা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষকদল।

গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকারের নেতৃত্বে তিন দিন ধরে এ কার্যক্রম চলছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড়, গাছপালা ও লতাগুল্ম বেড়ে যাওয়ায় রাস্তা সংকুচিত হয়ে পড়ে। বিশেষ করে ভোরে হাঁটতে বের হওয়া নারী-পুরুষ এবং রাতে চলাচলকারী পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, কোথাও কোথাও গাছের ডালপালা ও লতাগুল্ম সড়কের ওপর ঝুঁকে পড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গিয়েছিল। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।

গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা কামরুজ্জামান রতনের (মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য) নির্দেশনায় ৩১ দফা কর্মসূচির আলোকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ফজরের নামাজের পর এলাকার প্রবীণ ও ডায়াবেটিসে আক্রান্ত অনেক বাসিন্দা নিয়মিত হাঁটতে বের হন। তাঁদের অনুরোধেই সড়কটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বালুয়াকান্দী ইউনিয়নের আরও কয়েকটি সড়ক একইভাবে পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে।