রাঙামাটিতে বিএনপি নেতা নিখোঁজ, হ্রদে মিলল তাঁর নৌকা

নিজস্ব প্রতিবেদক: 

রাঙামাটির কাপ্তাই উপজেলায় নৌকাসহ ব্যবসায়িক কাজে বের হয়ে নিখোঁজ হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. মাসুদ (৫০)। কাপ্তাই হ্রদে তাঁর মালামাল বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি উদ্ধার করা হলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখা বিএনপির সভাপতি। তিনি নৌকায় করে স্থানীয় বিভিন্ন বাজারে মুদি পণ্য বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতি সপ্তাহের মতো গত বৃহস্পতিবারও তিনি বিলাইছড়ি বাজারে মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। সাধারণত শুক্রবার বিকেল বা শনিবার সকালে তিনি বাড়ি ফিরতেন। তবে নির্ধারিত সময়ে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

শনিবার বিকেল চারটার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় তাঁর ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নৌকায় চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মুদি পণ্য অক্ষত অবস্থায় ছিল, কিন্তু মাসুদের কোনো খোঁজ মেলেনি।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন জানান, বিলাইছড়ি থেকে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, খবর পাওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে মাসুদ কাপ্তাই হ্রদে তলিয়ে গেছেন। তাঁকে উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।