নড়াইলে পাওনা টাকা আনতে গিয়েছিলেন দুই ভাই, একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: 

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (রাত) উপজেলার কুমারডাঙ্গা গ্রামে এ ঘটনায় নিহত হয়েছেন আলিনুর ফকির (৩০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

নিহত আলিনুর কুমারডাঙ্গা গ্রামের আবদুল হাই ফকিরের ছেলে। এ ঘটনায় একই গ্রামের রাজিব শেখ (৩০) ও তাঁর স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্বজনদের অভিযোগ, গত রমজান মাসে আলিনুরের বড় ভাই আমিনুর ফকির রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন। নির্ধারিত সময় পার হলেও রাজিব টাকা ফেরত না দিয়ে বারবার সময়ক্ষেপণ করেন। শনিবার রাতে টাকা পরিশোধের কথা বলে আমিনুরকে নিজের বাড়িতে ডাকেন রাজিব। এ সময় আমিনুরের সঙ্গে ছোট ভাই আলিনুরও যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে গিয়ে টাকা চাইলে রাজিব আরও এক সপ্তাহ সময় চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আলিনুরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আমিনুর বলেন, "টাকা নেওয়ার জন্য আমরা দুই ভাই খালি হাতে গিয়েছিলাম। সেখানে রাজিব ও তার পরিবারের লোকজনের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে দেখি আমার ভাইকে কুপিয়ে ফেলা হয়েছে।"

ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজিব শেখ ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। মামলার প্রস্তুতিও চলছে।