বিশ্বকাপ ফাইনালের সময় আর্জেন্টিনায় হৃদ্রোগে দুজনের মৃত্যু
স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের রাতে রাজধানী বুয়েনস এইরেসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা–সেবা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুজনের একজনের বয়স ৬৭ বছর এবং অন্যজনের বয়স ৮৮ বছর। এ ছাড়া একই ধরনের উপসর্গ নিয়ে ৭২ বছর বয়সী আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাঁকে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
অন্যদিকে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত জটিলতায় আক্রান্ত হলে তাঁর মেয়ে জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইসিইউতে ভর্তি থাকা ৭২ বছর বয়সী ব্যক্তির হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে তীব্র ব্যথা শুরু হলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন।
ফাইনাল ম্যাচ শেষে বুয়েনস এইরেসে আরও কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। লাভালে ও ৯ ডি জুলিও অ্যাভিনিউর মোড়ে প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর বাঁ পায়ে ভাঙন ও স্থানচ্যুতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।