ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে যাওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

পদক নিতে মঞ্চে ওঠার সময় রোমেরো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি। অন্যদিকে আর্জেন্টিনা ও স্পেনের অধিকাংশ খেলোয়াড়ই ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, ইনফান্তিনোর সঙ্গে করমর্দনের পর রোমেরো ট্রাম্পকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যান।

https://x.com/makearggayagain/status/2078973568667234419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078973568667234419%7Ctwgr%5Ebdd39c618d2ec5c49234492b6a2c2baeaa76ac61%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2F

এবারের বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প শুধু উপস্থিতই ছিলেন না, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে খেলোয়াড়দের পদক এবং স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফিও তুলে দেন। ট্রফি হস্তান্তরের পর চ্যাম্পিয়ন দলের উদ্‌যাপনের সময়ও তিনি মঞ্চে অবস্থান করায় ঐতিহাসিক উদযাপনের ছবিতেও তাঁর উপস্থিতি ধরা পড়ে।

তবে ট্রাম্পের এই ভূমিকা নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। ফিফা সভাপতি আগেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে যৌথভাবে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ম্যাচ শেষে ট্রাম্প মাঠে প্রবেশ করলে গ্যালারির একাংশ থেকে দুয়োধ্বনিও শোনা যায়।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ট্রাম্পের উপস্থিতি এটিই প্রথম হলেও টুর্নামেন্ট চলাকালেই তাঁর নাম বিতর্কে জড়ায়। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তিনি ফিফার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে সেই নিষেধাজ্ঞা স্থগিত হলে বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।