বিটিএসের কনসার্টে শ্রোতার ঢল, ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্টও
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইতিহাস গড়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)। স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে টানা দুই দিনের কনসার্টে প্রায় ৯২ হাজার দর্শক উপস্থিত থেকে ব্যান্ডটির নতুন রেকর্ডের সাক্ষী হয়েছেন।
শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এই কনসার্ট ছিল বিটিএসের ‘আরিরাং’ (Arirang) বিশ্ব সফরের ইউরোপ পর্বের শেষ আয়োজন। মার্চে নতুন অ্যালবাম প্রকাশের পর শুরু হওয়া এই বিশ্ব সফরের অন্যতম আকর্ষণ ছিল প্যারিসের এই মঞ্চ।
কনসার্টে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ। তাঁদের হাতে বিটিএসের অফিসিয়াল লাইটস্টিক দেখা যায়। পরে ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিও শেয়ার করে মাখোঁ লেখেন, "প্যারিসে স্বাগতম।"
২০১৯ সালের পর এই প্রথম প্যারিসে কনসার্ট করল বিটিএস। অনুষ্ঠান শুরুর অনেক আগেই হাজারো ভক্ত স্টেডিয়ামের বাইরে ভিড় করেন। বিটিএসের রঙের পোশাক, ব্যানার ও বিভিন্ন স্মারক নিয়ে তাঁরা উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। অনেক ভক্ত নিজেদের তৈরি ব্রেসলেট ও কি-রিং একে অপরকে উপহার দেন।
কনসার্ট শুরু হয় ‘Hooligan’ গান দিয়ে। এরপর পরিবেশিত হয় ব্যান্ডটির জনপ্রিয় গান ‘Not Today’, ‘IDOL’, ‘Butter’ এবং ‘Dynamite’।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সের ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণ-তরুণীদের পাশাপাশি ৫০ বছরের বেশি বয়সী অনেক দর্শকও কনসার্ট উপভোগ করেন।
শো শেষে বিটিএসের সদস্যরা কোরিয়ান ও ফরাসি ভাষায় ভক্তদের ধন্যবাদ জানান। জিমিন বলেন, "এটাই আমাদের ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের কনসার্ট।"
আরএম ফরাসি ভাষায় প্যারিসের দর্শকদের প্রশংসা করেন। জে-হোপ বলেন, "প্যারিস বিশ্বের সেরা আর্মিদের শহর।" আর ২০১৯ সালের কনসার্টের স্মৃতি মনে করিয়ে সুগা বলেন, এবারের আয়োজন আগের চেয়ে আরও বড় ও স্মরণীয়।
ফরাসি সংবাদমাধ্যম Le Monde-ও কনসার্টটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়, দীর্ঘ বিরতির পরও বিটিএস আগের চেয়ে আরও শক্তিশালীভাবে বিশ্বমঞ্চে ফিরেছে।
প্যারিস অধ্যায় শেষ করে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে বিটিএস। সেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে অংশ নেওয়ার কথা রয়েছে জনপ্রিয় এই কে-পপ ব্যান্ডটির।