সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও কাজের গতি থামাননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’-এর শুটিং চালিয়ে যাচ্ছেন। শুধু নিয়মিত শুটিংই নয়, ছবির কঠিন অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন তিনি।
ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে ছবির শুটিং শেষ করার লক্ষ্য নিয়ে প্রায় প্রতিদিনই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন দীপিকা। সম্প্রতি কর্মঘণ্টা আট ঘণ্টার মধ্যে সীমিত রাখার পক্ষে মত দিলেও ‘রাকা’র কাজ সময়মতো শেষ করতে তিনি রাতের শিফটেও কাজ করছেন।
ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে নিজের অংশের কাজ শেষ করতে দীপিকা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং অ্যাকশন দৃশ্যগুলোও তিনি সফলভাবে সম্পন্ন করছেন। একই সঙ্গে দেড় বছর বয়সী মেয়ের প্রতিও সমান দায়িত্ব পালন করছেন এই অভিনেত্রী।
অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা। এতে দীপিকার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বড় বাজেট, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ইফেক্ট এবং জমকালো অ্যাকশন সিকোয়েন্সের কারণে ছবিটি ২০২৭ সালের সবচেয়ে প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাটলির আগের কয়েকটি ছবির মতো এই সিনেমাতেও আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
জানা গেছে, আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স স্টুডিও ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করছে। সংগীত পরিচালনা করছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর। বর্তমানে পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে, যদিও চূড়ান্ত মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এটি অবশ্য দীপিকার জন্য নতুন অভিজ্ঞতা নয়। প্রথম সন্তানসম্ভবা থাকাকালেও তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’-এর ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। ফলে মাতৃত্বের সময়ও পেশাদারিত্ব ও কাজের প্রতি তাঁর নিষ্ঠা আবারও আলোচনায় এসেছে।