বিশ্বকাপ জিতলে বিয়ে! আর্জেন্টিনার হারের পর যা বললেন পরীমনি
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই পরাজয়ের সঙ্গে আপাতত শেষ হয়ে গেল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির আলোচিত ‘বিয়ের পরিকল্পনাও’।
ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে পরীমনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ তাঁর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে ৫২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্যের অপশন বন্ধ থাকলেও হাজারো মানুষ সেটি শেয়ার করেছেন।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, ‘ফাইনাল খেলার মধ্য দিয়ে যেন বিয়ের আগেই সব হিসাব-নিকাশ বদলে গেল। আর্জেন্টিনার জন্য মনটা খুব খারাপ। কারণ, এই দলের সঙ্গে আমার ইমোশন ও ভালোবাসা জড়িয়ে আছে। তবে আমি বিশ্বাস করি, হার মানেই শেষ নয়। ভালোবাসার আর্জেন্টিনা, আবারও দারুণভাবে ফিরে আসবে। আর মেসি তো একটা মায়া, তার জন্য সব সময় ভালোবাসা থাকবে।’
বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।
মূলত গত বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকেই শুরু হয় এই আলোচনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া এবং হাজার হাজার শেয়ারের মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফাইনালের আগে এ নিয়ে খানিকটা অস্বস্তির কথাও জানান পরীমনি। তিনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করে বিয়ে করেছি। এবার ঘোষণা দিয়ে তো বিপদে পড়ে গেলাম। ভাবিনি, মানুষ এত সিরিয়াসলি নেবে। এত এত বিয়ের প্রস্তাব আসছে, কী করব বুঝতেই পারছি না।’
বিয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিলেন, এখন তো সে রকম কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, তারপর যদি সে-ই আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলে হয়তো বিয়ে করা যাবে।’
শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন যেমন পূরণ হয়নি, তেমনি আপাতত বাস্তবায়ন হচ্ছে না পরীমনির আলোচিত ‘বিয়ের ঘোষণাও’। তাই ফাইনাল শেষে তাঁর এক লাইনের মন্তব্যেই যেন ধরা পড়েছে এক আর্জেন্টিনা-সমর্থকের আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি।’