প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক ঢাকা 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রাশেদ খাঁন। এ বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন।

রাজনৈতিক জীবনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাশেদ খাঁন। তবে গত বছরের ২৭ ডিসেম্বর তিনি দলটির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

পরবর্তীতে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। এবার তিনি প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।