৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার, গড়লেন বিশ্ব রেকর্ড

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস 

একটি পুরোনো বাসমতি চালের ব্যাগে যত্ন করে রাখা হাতে লেখা পারিবারিক রেসিপিই বদলে দিয়েছে ৯৬ বছর বয়সী আইলিন চিনের জীবন। জ্যামাইকান বংশোদ্ভূত এই প্রবীণ নারী এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।

মাত্র পাঁচ বছর বয়সে রান্না শেখা আইলিন ১৯৫০-এর দশকে স্বামীর সঙ্গে জ্যামাইকার হাইগেটে একটি বেকারি পরিচালনা করতেন। পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে গেলেও ভুলে যাননি নিজের শিকড়ের স্বাদ। নাতি লুকাস ওংয়ের উদ্যোগে গত তিন বছর ধরে পারিবারিক রেসিপিগুলো ক্যামেরার সামনে রান্না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি।

চকলেট চিপ কুকি থেকে শুরু করে জ্যামাইকার ঐতিহ্যবাহী নানা খাবারের ভিডিও দিয়ে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুকে দাদি-নাতির এই জুটির অনুসারী এখন প্রায় ৩০ লাখ।

৯৬ বছর ৮৯ দিন বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে উচ্ছ্বসিত আইলিন বলেন, “পরবর্তী প্রজন্মের কাছে পারিবারিক রান্নার ঐতিহ্য পৌঁছে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।”