মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা চতুর্থ সন্তানের জন্ম দিলেন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন সেকেন্ড লেডি উষা ভ্যান্সের ঘরে এসেছে নতুন অতিথি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যান্স জানান, তাঁদের চতুর্থ সন্তানের নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন।
ভ্যান্স দম্পতির আগের তিন সন্তানের নাম ইউয়ান, বিবেক ও মিরাবেল। নতুন ভাইকে পেয়ে তারা খুবই আনন্দিত বলেও জানান ভাইস প্রেসিডেন্ট।
ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার এবং হোয়াইট হাউস মেডিক্যাল ইউনিটের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেডি ভ্যান্স।
এই জন্ম যুক্তরাষ্ট্রের ইতিহাসেও একটি বিশেষ ঘটনা। ১৫০ বছরের বেশি সময় পর প্রথমবার কোনো দায়িত্বে থাকা সেকেন্ড লেডি সন্তান জন্ম দিলেন। সর্বশেষ ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্সের স্ত্রী এলন মারিয়া কোলফ্যাক্স দায়িত্বে থাকাকালে সন্তান জন্ম দিয়েছিলেন।
নতুন সদস্যকে নিয়ে ভ্যান্স পরিবার উত্তর ভার্জিনিয়ার গ্রামীণ পরিবেশে কিছুটা বেশি সময় কাটানোর পরিকল্পনা করেছে। একই সঙ্গে তারা ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘নেভাল অবজারভেটরি’ থেকেও দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উষা ভ্যান্স বলেন, জনজীবনের কড়া নজরদারির মধ্যেও তাঁরা সন্তানদের যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশে বড় করে তুলতে চান এবং তাদের ব্যক্তিগত জীবন সুরক্ষিত রাখার চেষ্টা করছেন।