দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর সোমবার দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। রাজধানী মাদ্রিদে বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে কয়েক লাখ সমর্থক জড়ো হওয়ার কথা রয়েছে। এর আগেই দেশজুড়ে রাতভর চলে আনন্দ-উল্লাস ও বিজয় উদ্‌যাপন।

যুক্তরাষ্ট্র থেকে আইবেরিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফেরে স্পেন দল। বিমান থেকে নামার সময় সিঁড়ির ওপরে দাঁড়িয়ে অধিনায়ক রদ্রি উঁচিয়ে ধরেন বিশ্বকাপের সোনালি ট্রফি। সেই মুহূর্তে বিমানবন্দরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এটি দেশটির ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জয়। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

বিশ্বকাপ জয়ের এই সাফল্যে স্পেনজুড়ে এখন জাতীয় গর্ব আর উৎসবের আমেজ বিরাজ করছে। মাদ্রিদের রাজপথে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্‌যাপন করবে বিশ্বচ্যাম্পিয়ন দল।