বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষে তদন্ত শুরু করল ফিফা, শাস্তির মুখে আর্জেন্টিনা?
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ম্যাচ-পরবর্তী শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারীও নিয়োগ দেওয়া হয়েছে।
ফিফা জানিয়েছে, তদন্তকারীর প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সম্ভাব্য শাস্তির বিষয়ে জানানো হবে।
ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস তাকে ঘুষি মারেন। পরে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন গাভি, তবে তাকেও ধাক্কা ও আঘাতের মুখে পড়তে হয়।
এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দেন এবং পারেদেস গাভির মুখেও আঘাত করেন বলে ভিডিওতে দেখা যায়। একই সঙ্গে স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে পারেদেস ও নাহুয়েল মোলিনার ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
এ ছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন খেলোয়াড় এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এখন ফিফার তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছে ফুটবল বিশ্ব।