বিশ্বকাপ ফাইনালে হারের পর মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন।

মেসি লেখেন, ‘কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে ভালো লাগার বিষয়গুলোকেও আমি লালন করছি। আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচগুলো, মাঠে নিজেদের উজাড় করে দেওয়া এবং পুরো দেশের সমর্থন আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয় নিংড়ানো ধন্যবাদ। আমরা আবারও এক হয়ে পুরো দেশকে একসূতোয় গাঁথতে পেরেছি। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন।’

২০২৬ বিশ্বকাপে মেসি দুর্দান্ত পারফরম্যান্স করে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে গোলের দেখা পাননি এবং রানার্সআপ হয়েই শেষ হয় আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।

এদিকে জাতীয় দলে মেসির অসামান্য অবদানের জন্য তাকে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অধিনায়ক, তুমি আমাদের যা দিয়েছ, তার জন্য ধন্যবাদ জানানোর মতো কোনো শব্দ নেই। তুমি অমর, তুমি আমাদের মহানায়ক।’

অন্যদিকে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ অভিযানের সম্মানে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছুটির দিনটি কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টিনা দলকেই।