বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।

চোটের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজে নিয়মিত খেলতে পারেননি এই তিন তারকা। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসের চোটে পুরো অ্যাশেজ মিস করেছিলেন হ্যাজলউড। অ্যাডিলেড টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল লায়নকে। অন্যদিকে পিঠের চোট কাটিয়ে কামিন্স শুধু একটি টেস্ট খেলেই বিশ্রামে চলে যান।

কামিন্স ও হ্যাজলউড টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে আইপিএলে মাঠে ফেরার পর এবার বাংলাদেশ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। তাদের ফেরায় দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।

পেস আক্রমণে কামিন্স, হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং বো ওয়েবস্টারও বিকল্প হিসেবে থাকছেন।

ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিং করার সম্ভাবনা রয়েছে তাঁর। ছন্দে না থাকলেও দলে জায়গা ধরে রেখেছেন মারনাস লাবুশেন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩-১৭ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় টেস্ট ২২-২৬ আগস্ট ম্যাকাইয়ে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।