বিশ্বকাপ ২০২৬ ইয়ামালের ভাইরাল ভাইকে চিনে গেছে বিশ্ব

বিশ্বকাপ জয়ের আনন্দে যখন স্পেনের খেলোয়াড়েরা ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত, তখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সবার নজর কেড়ে নেয় আরেক ‘তারকা’। তিনি আর কেউ নন, স্পেনের বিশ্বজয়ী ফরোয়ার্ড লামিনে ইয়ামালের তিন বছর বয়সী ছোট ভাই কেইন।

ফাইনাল শেষে মাঠে নেমেই বড় ভাই ইয়ামালের কোলে উঠে পড়ে কেইন। এরপর শুরু হয় তার দুষ্টুমি। কখনো নিরাপত্তারক্ষীর টুপি পরে ঘুরে বেড়ানো, কখনো আলোকচিত্রীদের সামনে ডিগবাজি খেয়ে পোজ দেওয়া, আবার কখনো ফুটবল নিয়ে ছোটাছুটি—সব মিলিয়ে মুহূর্তেই ক্যামেরার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে।

বিশ্বকাপজুড়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছিল এই খুদে। ম্যাচ শেষে ফুটবল নেটের একটি অংশ কেটে মালার মতো গলায় পরানোর চেষ্টা, হাতে ট্রফির প্রতিরূপ নিয়ে ছবি তোলা কিংবা নিজের চেয়ে বড় বেসবল ক্যাপ পরে ঘুরে বেড়ানোর দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে।

কেইনের জনপ্রিয়তা অবশ্য নতুন নয়। ২০২৪ ইউরো জয়ের সময়ও ইয়ামালের কোলে চড়ে নানা মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল সে। এবার বিশ্বকাপে তার জিভ বের করে উদযাপনের ছবিও ব্যাপক আলোচনায় আসে। ইয়ামাল জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালের আগেই ছোট ভাই তাকে ফোন করে বলেছিল, ‘আগামীকাল আমি জিভ বের করব।’

https://x.com/ZAMENZA/status/2078992436806795639?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078992436806795639%7Ctwgr%5Ecabe383229b90cfef5cff7374619c131adaf896b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fcollection%2Flatest

২০২২ সালে জন্ম নেওয়া কেইন একই মায়ের সন্তান। বড় ভাই ইয়ামালের সঙ্গে টিকটক ভিডিও, বাগানে ফুটবল খেলা কিংবা পারিবারিক নানা মুহূর্তের ভিডিও আগেই জনপ্রিয়তা পেয়েছে। জানা গেছে, মাত্র তিন বছর বয়সেই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের দূত হওয়ার প্রস্তাবও পেতে শুরু করেছে সে।

ছোট ভাইকে নিয়ে ইয়ামালের আবেগও কম নয়। তিনি বলেন, ‘আমার ছোট ভাইকে এতটা খুশি দেখলে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। সে আমার কাছে সবকিছু। অনেক সময় মনে হয়, সে যেন আমারই ছেলে।’

বিশ্বকাপ জয়ের রাতটি তাই শুধু স্পেনের জন্য নয়, ছোট্ট কেইনের জন্যও হয়ে থাকল জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।