হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে বিস্ফোরণ-আগুন, অনিরাপদ অংশে যাওয়ার দাবি আইআরজিসির
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের আগুন লাগে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ট্যাংকার দুটি প্রণালির ‘দক্ষিণঘেঁষা অনিরাপদ অংশ’ দিয়ে চলাচলের চেষ্টা করেছিল। উদ্ধারকারী দল সব নাবিককে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে তারা।
আইআরজিসি হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বলেছে, মার্কিন বাহিনীর তথ্যে ভরসা না করে ঝুঁকিপূর্ণ নৌপথ এড়িয়ে চলতে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড চলতে থাকলে হরমুজ প্রণালি দিয়ে তেল, গ্যাস এমনকি রাসায়নিক সার রপ্তানিও বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণকেন্দ্র, সামরিক কমান্ড সেন্টার এবং বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে নতুন অভিযান পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব হামলা চালানো হয়েছে।
এদিকে কাতার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে ইরানের একাধিক হামলার অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছে। কাতারের দাবি, তাদের ট্যাংকার ও ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এ বিষয়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের রয়েছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান এই উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।