স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত

বাগেরহাটের চিতলমারীতে এক পথসভায় এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতজানু নীতির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

সভায় তিনি বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম, এই সরকার আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি ও সীমান্তে ভারতীয় যে অপনীতি আছে, সেগুলোর বিরুদ্ধে জাতীয়ভাবে সুস্পষ্ট ও সুদৃঢ় নীতিমালা করবে। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নতজানু নীতির পুনরাবৃত্তি দেখতে পেয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় যে ভাষায় সীমান্ত হত্যাকে বৈধতা দেওয়া হতো, একই ভাষায় বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছেন। তবে সীমান্তে বিজিবির সদস্যদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি দায়িত্ব পালনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ একটি সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘ ফ্যাসিবাদ–পরবর্তী সময়ে মানুষের আকাঙ্ক্ষা এখন হতাশায় পরিণত হচ্ছে। সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জাতীয় আত্মবিশ্বাস ভেঙে পড়ছে।

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি সরকার জনগণের সঙ্গে দ্বিচারিতা করতে পারে। কিন্তু যেই জনগণ জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল, যে মা-বাবা সন্তান, যে বোন ভাইকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েল। বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এবং কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি।