টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকায় আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আজ সকাল নয়টার দিকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। একই প্রবণতা দেখা যাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায়। বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটেও একই ধরনের প্রবণতা থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার খুলনা, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রোববারও একই প্রবণতা থাকবে—খুলনা, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।