খুলনায় তালাবদ্ধ ঘরের ভেতরে পাওয়া গেল কাঁথা দিয়ে মোড়ানো তরুণের লাশ
নিজস্ব প্রতিবেদক :
খুলনার পাইকগাছায় একটি ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ী (২৫) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার হাসপাতাল রোডের একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। ঘটনার পর থেকে তাঁর সহকর্মী ও রুমমেট অন্তর সরকার নিখোঁজ রয়েছেন। অন্তর মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে।
বাড়ির মালিক রামপ্রসাদ মণ্ডল জানিয়েছেন, ঘটনার পর থেকে অন্তরকে এলাকায় আর দেখা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে বিশ্বজিৎ ও অন্তর ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাঁদের একসঙ্গে স্থানীয় দোকানে খাবার খেতে দেখা যায়। এরপর থেকে তাঁদের আর দেখা যায়নি।
গতকাল সন্ধ্যায় তাঁদের সহকর্মী নয়ন রায় বাসায় গিয়ে দরজা বাইরে থেকে তালাবদ্ধ পান। দরজার সামনে রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় বিশ্বজিতের মরদেহ উদ্ধার করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, একই কক্ষে বসবাসকারী অন্তরের মোটরসাইকেলটিও পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও অন্তরকে খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে।