উন্নয়ন না হওয়ায় নিজেরাই রাস্তা সংস্কারে নেমেছেন নাটোরে এক গ্রামের তরুণেরা

নিজস্ব প্রতিবেদক :

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের লালমনিপুর গ্রামের একমাত্র কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বহু বছরেও উন্নয়ন না হওয়ায় গ্রামের অর্ধশত তরুণ স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন।

গত সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম আজ বুধবার পর্যন্ত চলবে। তরুণেরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করে পাশের ইটভাটা থেকে ইট, বালু ও সুরকি কিনে নিজেরাই কাজ শুরু করেন। প্রতিটি বাড়ি থেকে ডালি ও কোদাল নিয়ে এসে তারা রাস্তা সংস্কারে অংশ নেন।

রাস্তাটির মাঝখানে নারদ নদের ওপর একটি বাঁশের সেতু রয়েছে। বৃষ্টির সময় কাদায় রাস্তাটি অচল হয়ে যায়, ফলে বাসিন্দাদের হেঁটে জেলা শহরে যাতায়াত করতে হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্বাচন এলেই প্রার্থীরা রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দেন, কিন্তু তা বাস্তবায়ন হয় না।

উদ্যোগী তরুণদের একজন জাহিদ মেহেদী বলেন, “মিথ্যা আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি। তাই অন্যের দিকে না তাকিয়ে আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে ইট-বালু-সুরকি কিনেছি। প্রতিটি বাড়ি থেকে তরুণেরা এসেছেন স্বেচ্ছাশ্রম দিতে।” তিনি নারদ নদের ওপর বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণে প্রশাসনের উদ্যোগ চান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী জানিয়েছেন, সরকারের পক্ষ থেকেও ওই গ্রামের রাস্তা ও সেতু নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।