শৈলকূপায় ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকায় হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়েছিলেন তারিফ উদ্দীন। হাঁটতে হাঁটতে তিনি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইলেনে উঠে যায়। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানুর আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।